প্রতিহিংসার রাজনীতি নয়, বহুদলীয় গণতন্ত্রের পথেই এগোতে চায় বিএনপি—এমনটাই জানালেন আব্দুল মঈন খান (Abdul Moyeen Khan)। মঙ্গলবার সকালে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (Ziaur Rahman) এবং প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া (Khaleda Zia)-এর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অফিস খোলা এবং জুলাই গণহ’\ত্যার সঙ্গে জড়িতদের দেশে ফেরা নিয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, “আমাদের অবস্থান খুবই স্পষ্ট। বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করেছে। ১৯৭১ সালের সেই কালো রাতে, যেদিন পাকিস্তানি হানাদার বাহিনী হায়েনার মতো এ দেশের নিরীহ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন প্রতিবাদের ঝান্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা সেই আদর্শে বিশ্বাসী—বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী। আমরা সেই বিশ্বাস নিয়েই সামনের দিকে এগিয়ে যাব।”
তিনি আরও বলেন, “একদলীয় বাকশাল শাসন, যেটা বাংলাদেশের ওপর জগদ্দল পাথরের মতো আওয়ামী লীগ চাপিয়ে দিয়েছিল, সেই ধ্যান-ধারণায় বিএনপি বিশ্বাস করে না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে।”
নিজেদের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে মঈন খান বলেন, “আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল। আমরা সবাইকে নিয়ে রাজনীতি করি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের নেতা তারেক রহমান বারবার এ কথা বলেছেন। তিনি আরও বলেছেন, আমরা আইনের শাসনে বিশ্বাসী।”
বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার যে বিপ্লব হয়েছে, তার ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করব।”
এ সময় সাংবাদিকরা জানতে চান, তিনি রাষ্ট্রপতি হচ্ছেন—এ নিয়ে দলে কোনো আলোচনা হয়েছে কি না। তবে এ প্রশ্নের জবাব এড়িয়ে যান বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য।
নরসিংদী-২ আসনের সাংসদ মঈন খান এদিন নরসিংদী-১ আসনের সাংসদ খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের মনজুর এলাহী, নরসিংদী-৪ আসনের সাংসদ সরদার মো. সাখাওয়াত হোসেন (স্বাস্থ্যমন্ত্রী) এবং নরসিংদী-৫ আসনের সাংসদ আশরাফ উদ্দিনকে সঙ্গে নিয়ে জিয়া উদ্যানে আসেন।


