দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, হাওর বাঁধে কড়া নজরদারির বার্তা পানিসম্পদমন্ত্রীর

সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ ঘিরে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করলেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি (Md. Shahiduddin Chowdhury Annie)। তিনি বলেছেন, হাওরের ফসল রক্ষা বাঁধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবং এ প্রকল্প পানি মন্ত্রণালয় সরাসরি তদারকি করে থাকে। বাঁধ নির্মাণ যেন সুষ্ঠু ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সরকারের সর্বোচ্চ নজরদারি থাকবে।

মন্ত্রী বলেন, অতীতের অভিজ্ঞতা সুখকর ছিল না। বিগত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। সেই বাস্তবতা মাথায় রেখেই সরকার এখন জিরো টলারেন্স নীতিতে এগোতে চায়। ভবিষ্যতে যেন এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য কঠোর মনিটরিং ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, খাল খনন, নদী খনন কিংবা বাঁধ নির্মাণ—এসব কাজ শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই এসব প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। “সরকার সর্তক অবস্থানে রয়েছে। আমরা পাহাদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে এই কাজগুলো বাস্তবায়ন করবো,”—বলেছেন তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ (Sunamganj) জেলার ধর্মপাশা (Dharmapasha) উপজেলার চন্দ্র সোনার তাল হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান (Tareq Rahman)-এর নির্দেশেই তিনি হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে এসেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এ অঞ্চলের মানুষ ও কৃষকদের খোঁজখবর রাখছেন এবং তাদের স্বার্থরক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন এবং সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (Bangladesh Water Development Board)-এর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

হাওরাঞ্চলের কৃষকদের জন্য ফসল রক্ষা বাঁধ যে কতটা গুরুত্বপূর্ণ, তা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য একটাই—প্রকল্পের অর্থ সঠিকভাবে ব্যয় হবে, কাজের মান বজায় থাকবে এবং কোনো অনিয়ম বরদাশত করা হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *