কেরানীগঞ্জে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। তার ভাষায়, দেশ নতুন করে জাগ্রত হবে, আত্মবিশ্বাস ফিরে পাবে জনগণ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জ-এর আটি ভাওয়াল স্কুল এন্ড কলেজ মাঠে মডেল উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আমান উল্লাহ আমান বলেন, দীর্ঘ ১৭ বছর পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি দাবি করেন, তার নেতৃত্বেই দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। ভোটাধিকারের এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রে প্রত্যাবর্তনের একমাত্র পথ নির্বাচন—এমন মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমেই একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয়। তাই জনগণকে এই সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
নিজ নির্বাচনী এলাকা ঢাকা-২ প্রসঙ্গে আমান উল্লাহ আমান বলেন, তিনি কেরানীগঞ্জে ঢাকা-২ আসনকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চান। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। স্থানীয় নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন এবং বক্তব্য রাখেন।


