রাজধানীর ধানমন্ডি এলাকায় ঝটিকা মিছিলের সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন মহিলা আওয়ামী লীগের সাত নেত্রীসহ মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের বহনকারী একটি মাইক্রোবাস জব্দ করা হয় এবং গাড়ির চালককেও আটক করা হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার ভোরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন মহিলা আওয়ামী লীগের কয়েকজন নেত্রী ধানমন্ডি-২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁয় সেহরি করেন। সেহরি শেষে স্টার কাবাবের সামনে থেকে ২০-২৫ জন নারী একটি মিছিল বের করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মিছিলকারীদের হাতে ব্যানার ও বিভিন্ন প্ল্যাকার্ড ছিল। তারা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে অগ্রসর হন। খবর পেয়ে টহলরত মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং অংশগ্রহণকারীরা পালানোর চেষ্টা করেন।
ওসি সাইফুল ইসলাম আরও জানান, এ সময় সাতজন নারীকে গ্রেফতার করা হয়। তাদের বহনকারী হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং চালককেও গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে আটজনকে আটক করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ধানমন্ডি থানা (Dhanmondi Police Station)-এ সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।


