মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (Shah Amanat International Airport) থেকে ১০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার (১ মার্চ) বিমানবন্দরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহ আমানত বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী এবং মধ্যপ্রাচ্য থেকে আগত সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে এরাইভাল ফ্লাইট সাতটি এবং ডিপার্চার ফ্লাইট তিনটি রয়েছে। এসব ফ্লাইট দিনের বিভিন্ন সময়ে যাত্রী পরিবহনের কথা ছিল।
এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী (Ariful Haque Chowdhury) জানিয়েছেন, ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে এখন পর্যন্ত ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তিনি বলেন, ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।
মন্ত্রী আরও জানান, কুয়েত বিমানবন্দরে হামলায় তিনজন বাংলাদেশি আ’\হত হয়েছেন। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মিশন ও দূতাবাসগুলোকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে জানানো হয়, ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


