কাতারে সব এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ল, প্রবাসীদের জন্য স্বস্তির বার্তা

কাতারে অবস্থানরত প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে। দেশটির সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাসের জন্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৩ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of Interior Qatar)।

বিবৃতিতে জানানো হয়, সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হবে। তবে পরিস্থিতির ওপর নির্ভর করে এই সময়সীমা ভবিষ্যতে আরও বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এতে স্পষ্ট করে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারির আগে যেসব ভিসার মেয়াদ শেষ হয়েছে, সেসব ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুযায়ী জরিমানা পরিশোধ করতে হবে। অর্থাৎ, নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ার তারিখের আগের মেয়াদোত্তীর্ণ ভিসাগুলো এ সুবিধার আওতায় পড়বে না।

আরও জানানো হয়েছে, ভিসার মেয়াদ বৃদ্ধির পুরো প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। এর জন্য কোনো ধরনের ফি দিতে হবে না। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে সরাসরি যাওয়ার প্রয়োজন নেই এবং অতিরিক্ত কোনো আবেদন জমা দেওয়ারও দরকার হবে না। ফলে প্রবাসীদের জন্য প্রক্রিয়াটি হবে ঝামেলামুক্ত ও সহজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *