মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স (US-Bangla Airlines)। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা–দুবাই–ঢাকা রুটে দু’টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এই এয়ারলাইনস।
বুধবার প্রথম বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (Hazrat Shahjalal International Airport) থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। একই উড়োজাহাজ দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
এছাড়া বৃহস্পতিবার দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি বিকাল ৫টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে। দুবাই থেকে এটি স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে বিশেষ দু’টি ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা–দুবাই রুটের ফ্লাইট নম্বর বিএস-৩৪১ এবং দুবাই–ঢাকা রুটের ফ্লাইট নম্বর বিএস-৩৪২।
দুবাই এয়ারপোর্ট অথরিটি (Dubai Airport Authority) সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস ও এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইনসকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।
যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে। টিকিট বুকিং সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


