মধ্যপ্রাচ্যে চলমান যু’\দ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আকাশপথেও। এই সংকটের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স (US-Bangla Airlines)। ঢাকা–চট্টগ্রাম–আবুধাবী–ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে সংস্থাটি।
বুধবার এই বিশেষ ফ্লাইটের প্রথম যাত্রা শুরু হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (Hazrat Shahjalal International Airport) থেকে। নির্ধারিত সময় অনুযায়ী, ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়ন করবে। এরপর চট্টগ্রাম থেকে রাত ৮টা ২০ মিনিটে আবুধাবীর উদ্দেশে যাত্রা করবে বিমানটি।
একই ফ্লাইট আবুধাবী থেকে স্থানীয় সময় রাত ১টায় (৫ মার্চ) ঢাকার উদ্দেশে রওনা দেবে বলে জানানো হয়েছে। এতে আটকে পড়া বাংলাদেশিদের একটি অংশকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
১৮৯ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে বিশেষ এই ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা–চট্টগ্রাম–আবুধাবী রুটে ফ্লাইট নম্বর নির্ধারণ করা হয়েছে বিএস-৩৪৯ এবং আবুধাবী থেকে ঢাকার ফেরত ফ্লাইট নম্বর বিএস-৩৫০।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় আবুধাবী এয়ারপোর্ট অথরিটি (Abu Dhabi Airport Authority) কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং ইত্তেহাদ এয়ারওয়েজ (Etihad Airways) উল্লেখযোগ্য।
তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (Biman Bangladesh Airlines)-এর ২৮ জন ফ্লাইট ক্রুও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গন্তব্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যু’\দ্ধ পরিস্থিতির কারণে আটকে রয়েছেন। তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগও নেওয়া হয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, দুবাই থেকে ঢাকার উদ্দেশে বিশেষ একটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। বিএস-৩৪২ নম্বর ফ্লাইটে আজ ৪ মার্চ ওই আটকে থাকা ফ্লাইট ক্রুদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমান অস্থির পরিস্থিতির মধ্যেও বাংলাদেশি যাত্রী ও ক্রুদের নিরাপদে দেশে ফেরাতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


