হরমুজ প্রণালী ঘিরে অস্থিরতা: জ্বালানি সাশ্রয়ে দেশবাসীর প্রতি সরকারের জরুরি আহ্বান

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী (Strait of Hormuz) ঘিরে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সম্ভাব্য বিঘ্নের আশঙ্কা দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে জাতীয় জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে গ্যাসসহ অন্যান্য জ্বালানির ব্যবহার কমিয়ে আনার ওপর জোর দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে সরকার।

বুধবার (৫ মার্চ) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় (Ministry of Power, Energy and Mineral Resources)। এতে দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক স্থাপনা এবং সাধারণ নাগরিকদের প্রতি অবিলম্বে জ্বালানি সাশ্রয়মূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান পরিস্থিতিতে জ্বালানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এখন সময়ের দাবি। বিশেষ করে রান্না ও অন্যান্য গৃহস্থালি কাজে গ্যাস ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করতে নাগরিকদের সচেতন হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া গ্যাসচালিত যন্ত্রপাতির অপ্রয়োজনীয় ব্যবহার এড়িয়ে চলা, পাইপলাইন ও বার্নার নিয়মিত পরীক্ষা করা এবং সম্ভাব্য লিকেজ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে অবৈধভাবে গ্যাস ব্যবহারের মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্যও সবাইকে সতর্ক করা হয়েছে।

জ্বালানি তেলের ব্যবহার কমাতে ব্যক্তিগত যানবাহনের বদলে গণপরিবহন ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে। সম্ভব হলে যাতায়াতে শেয়ারিং বা কার-পুলিং ব্যবস্থা চালু করার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। পাশাপাশি অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত রাখার মাধ্যমে জ্বালানি তেলের ওপর চাপ কমানোর আহ্বান জানানো হয়েছে।

শুধু সাধারণ নাগরিকই নয়, সরকারি দপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকেও অফিস চলাকালীন এবং অফিস-পরবর্তী সময়ে জ্বালানি ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত জ্বালানি অপচয় এড়িয়ে সাশ্রয়ী ব্যবস্থাপনা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

সরকার মনে করছে, আন্তর্জাতিক পরিস্থিতির এই অনিশ্চয়তার সময়ে সমন্বিতভাবে সাশ্রয়ী উদ্যোগ গ্রহণই দেশের জ্বালানি নিরাপত্তা ধরে রাখতে সহায়ক হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *