রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা মহানগর পুলিশ (Dhaka Metropolitan Police)-এ প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে সাতজন অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে (এডিসি) বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে এ পরিবর্তনের কথা জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, এই বদলির নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ডিএমপি সদর দফতর ও প্রশাসন বিভাগের এডিসি ফারজানা ইয়াছমিনকে মেট্রো ইন্টেলিজেন্স বিভাগে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে ডিবি সাইবার সাপোর্ট সেন্টারে দায়িত্ব পালনকারী তানজিলা শারমিনকে সদর দফতর ও প্রশাসন বিভাগে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া ডিএমপি কমিশনারের স্পেশাল অ্যাসিস্ট্যান্স হিসেবে কর্মরত মহসীন আল মুরাদকে খিলগাঁও জোনের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে কমিশনারের স্টাফ অফিসার জুয়েল ইমরানকে বদলি করে বাড্ডা জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে মাঠ পর্যায়ের দায়িত্ব থেকে সদর দফতরে আনা হয়েছে আরও দুই কর্মকর্তাকে। খিলগাঁও জোনের মো. ফয়েজ ইকবালকে ডিএমপি কমিশনারের স্পেশাল অ্যাসিস্ট্যান্স হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস বিভাগের দায়িত্বে থাকা মো. মাসুদ রানাকে ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার হিসেবে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।
এদিকে বাড্ডা জোনে কর্মরত মো. সারোয়ার হোসাইনকে বদলি করে ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস বিভাগে পাঠানো হয়েছে।
ডিএমপির অভ্যন্তরীণ প্রশাসনিক কাঠামোকে আরও গতিশীল ও কার্যকর করতে নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে ধারণা করা হচ্ছে।


