জামায়াতকে ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে বিএনপি উদারতা দেখিয়েছে : সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার বিধান না থাকলেও জামায়াতে ইসলামীকে এ প্রস্তাব দিয়ে বিএনপি উদারতা দেখিয়েছে। সুতরাং এ প্রস্তাব জামায়াতেরও উদারভাবে গ্রহণ করা উচিত।

গতকাল শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলটির নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন। সকাল সাড়ে ১০টায় এ কর্মশালার উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।

সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন সংসদের কাছে জাতির প্রত্যাশা অনেক। আমরা সংসদকে স্মরণীয় করে রাখতে চাই।

তিনি বলেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নয়, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার রেওয়াজ আছে। সে অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি।

ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জাতীয় সংসদকে শক্তিশালী করতে হবে বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *