আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুবাইগামী এবং দুবাই থেকে পরিচালিত সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করেছে এমিরেটস এয়ারলাইন্স (Emirates Airlines)। এক বিবৃতিতে বিমান সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
বিবৃতিতে বলা হয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই সংস্থাটির সর্বোচ্চ অগ্রাধিকার। নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলেও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, এমিরেটসের ফ্লাইট ধরার জন্য আপাতত বিমানবন্দরে না যেতে।
এমিরেটস জানায়, যেসব যাত্রী ২৮ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে ফ্লাইট বুকিং করেছেন, তাদের জন্য দুটি বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।
প্রথমত, যাত্রীরা চাইলে বিকল্প ফ্লাইটে বুকিং পরিবর্তন করতে পারবেন। যদি কোনো যাত্রীকে ৩০ এপ্রিলের আগেই গন্তব্যে পৌঁছাতে হয়, তাহলে অন্য উপলব্ধ ফ্লাইটে বুকিং নেওয়ার সুযোগ রয়েছে। যেসব যাত্রী ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কেটেছেন, তাদের সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আর যারা সরাসরি এমিরেটসের মাধ্যমে টিকিট বুকিং করেছেন, তাদেরকে সংস্থাটির সহায়তা পোর্টালে যোগাযোগ করতে বলা হয়েছে।
দ্বিতীয় বিকল্প হিসেবে যাত্রীরা চাইলে টিকিটের অর্থ ফেরতও নিতে পারবেন। সরাসরি এমিরেটস থেকে টিকিট কিনে থাকলে নির্ধারিত অনলাইন ফর্ম পূরণ করে অর্থ ফেরতের আবেদন করা যাবে। আর ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কিনে থাকলে সংশ্লিষ্ট এজেন্টের মাধ্যমেই অর্থ ফেরতের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এছাড়া যাত্রীদের সর্বশেষ তথ্য ও আপডেট পেতে তাদের বুকিং ব্যবস্থাপনা পাতায় যোগাযোগের তথ্য সঠিকভাবে হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছে বিমান সংস্থাটি। এতে করে ফ্লাইট সংক্রান্ত যেকোনো পরিবর্তন বা নতুন সিদ্ধান্ত দ্রুত জানানো সম্ভব হবে বলে জানিয়েছে এমিরেটস।


