চলমান যু’দ্ধ পরিস্থিতির মধ্যে এই প্রথম ইসরাইল (Israel) ইরানের তেল পরিশোধন ও জ্বালানি মজুত স্থাপনায় সরাসরি হামলা চালিয়েছে। শনিবার দিবাগত রাতে রাজধানী তেহরান (Tehran)-এর একটি বিশাল তেল সংরক্ষণাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের কয়েকটি ‘জ্বালানি মজুত কেন্দ্র’ লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। এই হামলার পর তেহরানের আকাশজুড়ে আগুনের তীব্র আভা দেখা যায়।
এপি (Associated Press)-এর প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, রাতের অন্ধকারে তেহরানের আকাশ লাল হয়ে উঠেছে এবং দূর থেকে আগুনের বিশাল শিখা স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র (United States) ও ইসরাইলের যৌথ অভিযানের অভিযোগ তুলেছে। তাদের দাবি, হামলায় ক্ষতিগ্রস্ত তেল ডিপোটি তেহরানসহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান কেন্দ্র।
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আইডিএফ (Israel Defense Forces – IDF) জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু হওয়া কেন্দ্রগুলো সাধারণ বেসামরিক জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত হতো না। বরং সেগুলো ইরানের সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হতো বলে দাবি করেছে তারা।
আইডিএফ আরও দাবি করেছে, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করে দিতে কৌশলগতভাবে এই স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা সম্ভাব্য হতাহতের বিষয়ে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।


