ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাঈদ মোজতবা খামেনি (Mojtaba Khamenei)-এর সরাসরি নির্দেশে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান (Iran)-এর প্রতিরক্ষা বাহিনী। সোমবার ভোরের দিকে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরআইবি (IRIB)। বার্তা সংস্থা এএফপি (AFP) আইআরআইবি’র বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।
মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর এটিই তার নির্দেশে পরিচালিত প্রথম সরাসরি সামরিক অভিযান। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত প্রতিবেদন অনুযায়ী, সোমবার ভোরে এক গুচ্ছ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
আইআরআইবি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাঈদ মোজতবা খামেনির নির্দেশে দখলদার জায়নবাদী শক্তিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, নতুন নেতার অধীনে পরিচালিত এটিই প্রথম আক্রমণ।
টেলিভিশন সম্প্রচারে একটি ক্ষেপণাস্ত্রের ছবি দেখানো হয়। সেখানে প্রদর্শিত ক্যাপশনে লেখা ছিল—‘আপনার নির্দেশের অপেক্ষায়, সাঈদ মোজতবা’।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরান–ইসরায়েল (Israel) ও যুক্তরাষ্ট্র (United States)-এর মধ্যে শুরু হওয়া সংঘাতের প্রথম দিনেই নি’\হত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (Ali Khamenei)। তার মৃত্যুর নয় দিন পর গত সপ্তাহে প্রভাবশালী সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস (Assembly of Experts) তার পুত্র মোজতবা খামেনিকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।
ইরানের রাজনৈতিক ও সামরিক কাঠামোয় সর্বোচ্চ নেতার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দেশটির প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সামরিক নীতি নির্ধারণের পাশাপাশি গোয়েন্দা সংস্থা, অর্থনীতি ও পার্লামেন্টসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয়।
মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তপ্ত পরিস্থিতিতে মোজতবা খামেনির নেতৃত্বে ইরানের এই নতুন পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


