মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, গত দেড় দশকের বেশি সময় ধরে দেশে গুম ও খু’\নের এক অস্থির বাস্তবতা বিরাজ করেছে। তাঁর দাবি, এই দীর্ঘ সময়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে এবং সেই ইতিহাসকে নিজেদের সুবিধামতো তুলে ধরেছে।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবর্ধনা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল সংগঠিতভাবে এগিয়ে যেতে পারে, তাহলে কোনো অপশক্তিই দেশের ক্ষতি করতে পারবে না। তিনি মনে করেন, তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখা এবং তা বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠা করাই সংগঠনটির অন্যতম প্রধান দায়িত্ব।
তিনি আরও বলেন, দেশের ইতিহাসে এমন সময় এসেছে যখন জনগণকে অস্ত্র হাতে নিয়ে সংগ্রামে নামতে হয়েছে। ভবিষ্যতেও যদি এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, যেখানে দেশের স্বাধীনতা বা স্বার্থ রক্ষায় আবার অস্ত্র হাতে নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে এই সংগঠনের সদস্যরা যেন প্রস্তুত থাকে—সেই লক্ষ্যেই দলটিকে শক্ত ভিত্তির ওপর গড়ে তুলতে হবে।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে আশা প্রকাশ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল আগামী দিনে দেশ গঠনের কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি বলেন, সংগঠনটি যদি আদর্শ, সংগঠনশক্তি এবং দেশপ্রেমকে সমন্বয় করে এগিয়ে যেতে পারে, তাহলে জাতীয় জীবনে একটি ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।


