শহীদ নাফিজকে বহনকারী রিকশাচালক নূর মোহাম্মদ পেলেন সংসদ অধিবেশনে যোগদানের আমন্ত্রণ

জুলাই অভ্যুত্থানে গু’\লিবিদ্ধ কিশোর শহীদ গোলাম নাফিজ (Golam Nafiz)-কে রিকশায় করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা রিকশাচালক নূর মোহাম্মদ (Nur Mohammad) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে গু’\লিতে নি’\হত হয় ১৭ বছর বয়সী কিশোর গোলাম নাফিজ। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ–৫ পেয়ে সে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিল। পরিবারসহ তারা মহাখালীতে থাকতেন। দুই ভাইয়ের মধ্যে নাফিজ ছিল ছোট।

পরিবারের সদস্য ও বন্ধুদের কাছ থেকে জানা যায়, আন্দোলনের সময় ৪ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর ফার্মগেটের পথচারী সেতুর নিচে নাফিজ গু’\লিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ নাফিজকে পুলিশ যখন নূর মোহাম্মদের রিকশার পাদানিতে তুলে দেয়, তখনো সে রিকশার রড ধরে ছিল। নূর মোহাম্মদ তাকে নিয়ে ফার্মগেটের একটি হাসপাতালে ঢোকার চেষ্টা করলে সেখানে বাধার মুখে পড়েন।

পরে তিনি নাফিজকে নিয়ে খামারবাড়ির দিকে রওনা হন। খামারবাড়িতে পৌঁছানোর পর কয়েকজন এসে নাফিজকে দ্রুত হাসপাতালে নেওয়ার কথা বলে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়।

ঘটনার পর নূর মোহাম্মদ জানান, রিকশাটি ছিল তার নিজের। সেদিন ফার্মগেট এলাকায় সংঘর্ষের মধ্যে পড়ে যান তিনি। তখন এক পুলিশ সদস্য তাকে ডেকে নিলে অন্যরা তার রিকশায় আহত একজনকে তুলে দেন। তিনি প্রথমে ফার্মগেটের একটি হাসপাতালে নিতে চাইলে সেখানে ঢুকতে পারেননি।

পরবর্তীতে গত ৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নূর মোহাম্মদের সেই রিকশাটি হস্তান্তর করা হয়। একজন ব্যবসায়ী ৩৫ হাজার টাকায় তার কাছ থেকে রিকশাটি কিনে জাদুঘরে জমা দেন।

সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রণ পাওয়াকে নিজের জীবনের বড় পাওয়া বলে জানিয়েছেন নূর মোহাম্মদ। বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হতে যাওয়া অধিবেশনে অংশ নিতে তিনি ইতোমধ্যে জাতীয় সংসদ ভবন (Jatiya Sangsad Bhaban) থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করেছেন।

তবে তিনি পড়তে না পারায় কার্ডে কী লেখা আছে তা জানেন না। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা তাকে কার্ডটি যাতে হারিয়ে না যায় সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *