ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস (U.S. Embassy) লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরাকি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা (Al Jazeera)।
প্রতিবেদন অনুযায়ী, হামলার পর দূতাবাস প্রাঙ্গণ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। নিরাপত্তা বাহিনীর একটি সূত্রও কূটনৈতিক মিশনে হামলার ঘটনাটি নিশ্চিত করেছে।
আলজাজিরা জানিয়েছে, দূতাবাসের ভেতরে থাকা একটি হেলিপ্যাড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। অন্যদিকে বার্তা সংস্থা এএফপি (AFP) জানিয়েছে, একটি ড্রোনও দূতাবাস প্রাঙ্গণে আঘাত হেনেছে।
ইরানের সমর্থনপুষ্ট দুই যোদ্ধা বাগদাদে নি’\হত হওয়ার কিছু সময় পরই এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনের ভেতরে অবস্থিত বাগদাদের এই বিশাল দূতাবাস কমপ্লেক্সটি অতীতেও একাধিকবার ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠীর রকেট ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
হামলার পরপরই বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
এর আগে গত শুক্রবার দূতাবাসটি ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য লেভেল–৪ নিরাপত্তা সতর্কতা পুনরায় জারি করে। সতর্কবার্তায় বলা হয়, ইরান এবং ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো অতীতে মার্কিন নাগরিক, স্বার্থ ও অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে এবং ভবিষ্যতেও এসব লক্ষ্যবস্তুতে হামলার ঝুঁকি থাকতে পারে।


