দেশের আরও পাঁচটি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ প্রকাশ করা হয়।
মন্ত্রণালয়ের সিটি করপোরেশন–১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষর করেন। এতে বলা হয়, দেশের পাঁচটি সিটি করপোরেশন—বরিশাল সিটি করপোরেশন (Barishal City Corporation), রাজশাহী সিটি করপোরেশন (Rajshahi City Corporation), ময়মনসিংহ সিটি করপোরেশন (Mymensingh City Corporation), রংপুর সিটি করপোরেশন (Rangpur City Corporation) এবং কুমিল্লা সিটি করপোরেশন (Cumilla City Corporation)—এ নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক করা হয়েছে মো. মাহফুজুর রহমানকে। ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রুকুনোজ্জামান রোকন।
এছাড়া রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন মাহফুজ উন নবী চৌধুরী। অন্যদিকে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. ইউসুফ মোল্লাকে।
সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের তাদের নামের পাশে উল্লেখিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


