জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য: জিপিও পরিদর্শনে মন্ত্রী ফকির মাহবুব আনাম

ডাক বিভাগ একটি সেবামুখী প্রতিষ্ঠান—আর সেই কারণেই জনগণের আস্থা অর্জনকে সবচেয়ে বড় লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম (Fakir Mahbub Anam)। সেবার মান উন্নত করা গেলে ডাক বিভাগের প্রতি মানুষের বিশ্বাস আরও দৃঢ় হবে বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর ঐতিহাসিক ঢাকা জিপিও (Dhaka GPO) পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের ডাক বিভাগের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে ঢাকা জিপিও। এটি শুধু একটি প্রশাসনিক ভবন নয়, বরং দেশের ডাক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন, সুশৃঙ্খল এবং কার্যকর রাখা সংশ্লিষ্ট সবার দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

ফকির মাহবুব আনাম আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডাক বিভাগকে আরও আধুনিক, দক্ষ এবং সেবাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব। এজন্য কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে আব্দুন নাসের খান (Abdun Naser Khan), ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বলেন, ডাক বিভাগের এই ঐতিহ্যবাহী ক্যাম্পাসটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদের সঠিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় মেরামত এবং যথাযথ ব্যবহারের উদ্যোগ নিতে হবে, যাতে ভবিষ্যতে এ সম্পদ নিয়ে কোনো ধরনের প্রশ্ন না ওঠে। প্রয়োজন হলে অর্থায়ন বা অন্যান্য সহায়তার ক্ষেত্রেও মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও জানান তিনি।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম (Kazi Asadul Islam)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ডাক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *