ঈদযাত্রা ঘিরে মহাসড়কে ট্রাক-লরি বন্ধের নির্দেশনা, জরুরি বার্তা দিলো বিআরটিএ

ঈদুল ফিতর সামনে রেখে সড়কপথে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (Bangladesh Road Transport Authority)। গণপরিবহন চলাচলকে স্বাভাবিক রাখতে একাধিক নির্দেশনা দিয়েছে সংস্থাটি এবং প্রয়োজনে যোগাযোগের জন্য চালু করা হয়েছে বিশেষ হটলাইন নম্বরও।

সোমবার (১৬ মার্চ) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদের আগের তিন দিন এবং ঈদের পরবর্তী তিন দিন—অর্থাৎ ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।

তবে এই বিধিনিষেধ সব ধরনের পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

এদিকে ঈদের সময় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে কোনো ধরনের পার্কিং না করার জন্যও নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এতে যানজট কমবে এবং যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন রাখতে যেকোনো জরুরি পরিস্থিতিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বিআরটিএ। এ জন্য হটলাইন নম্বর হিসেবে ১৬১০৭ চালু রাখা হয়েছে।

এ ছাড়া প্রয়োজন অনুযায়ী মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬ এবং ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *