ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান (Tarique Rahman) প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর তার সংসদীয় আসনের কার্যক্রম পরিচালনার জন্য প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী (Abdur Rahman Sani) এখন থেকে ওই আসনের প্রতিনিধির দায়িত্ব পালন করবেন।
রবিবার (১৫ মার্চ) প্রধানমন্ত্রীর মূখ্যসচিব এবিএম আব্দুস সাত্তার (ABM Abdus Sattar) স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি ওই পত্রে উল্লেখ করা হয়, ঢাকা-১৭ (Dhaka-17) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব তারেক রহমান, এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। ফলে তার সংসদীয় এলাকার জনগণের দৈনন্দিন প্রশাসনিক ও নাগরিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের সুবিধার্থে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ জনাব আব্দুর রহমান সানীকে উক্ত আসনের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর মাধ্যমে স্থানীয় জনগণের বিভিন্ন প্রয়োজন, আবেদন, প্রশাসনিক সমন্বয় এবং নাগরিক সেবামূলক কার্যক্রম পরিচালনায় তিনি প্রধানমন্ত্রীর পক্ষে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (Bogura-6) এবং ঢাকা-১৭—এই দুই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন তারেক রহমান। পরে নিয়ম অনুযায়ী একটি আসন রেখে অন্যটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। শেষ পর্যন্ত বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান।


