ঈদের আগে বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে যেসব এলাকার ব্যাংক

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ছুটির মধ্যেও দেশের কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৮ মার্চ) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হলেও এর পরদিন ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে ঈদের নির্ধারিত ছুটি।

তবে এই দুই দিন সাধারণত ব্যাংক বন্ধ থাকার কথা থাকলেও তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল বিক্রয়ের সুবিধার্থে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank)।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১৮ ও ১৯ মার্চ পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকাগুলোর ব্যাংক শাখা সীমিত আকারে খোলা থাকবে। এসব শাখায় নির্ধারিত সময়ের মধ্যেই লেনদেন কার্যক্রম পরিচালিত হবে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন গত ১০ মার্চ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়েছে, ঈদ উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে সেগুলো হলো—ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম। এসব অঞ্চলে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কার্যক্রম পরিচালনা করা হবে।

সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে—সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন চলবে এবং ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

এছাড়া ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি অনুযায়ী ভাতা দেওয়ার নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *