গুলশানের ব্যক্তিগত বাসভবনেই আপাতত স্বাচ্ছন্দ্যবোধ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)। ফলে সরকারি নির্ধারিত বাসভবন ‘যমুনা’তে এখনই উঠছেন না তিনি। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ‘যমুনা’ পরিদর্শন শেষে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন (Atikur Rahman Rumon)।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতাই বজায় রাখছেন বর্তমান প্রধানমন্ত্রী। তার ভাষায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (Ziaur Rahman) এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (Khaleda Zia) সরকারে থাকুন বা বিরোধীদলে—কখনোই সরকারি বরাদ্দকৃত বাসভবনে ওঠেননি। সেই পথ অনুসরণ করেই তারেক রহমানও ব্যক্তিগত বাসভবনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর কর্মসূচিও তুলে ধরেন অতিরিক্ত প্রেস সচিব। তিনি জানান, ঈদের দিন সকাল ৮টায় জাতীয় ঈদগাহে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সেখানে নামাজ আদায়ের পর সকাল ১০টা থেকে ‘যমুনা’তে দেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
ঈদযাত্রা প্রসঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন আতিকুর রহমান রুমন। তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার যাত্রাপথ অনেকটাই স্বস্তিদায়ক ছিল। ছোটোখাটো কিছু দুর্ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে জানান তিনি। যানজট পরিস্থিতিও তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে ছিল বলে দাবি করেন প্রধানমন্ত্রীর এই মুখপাত্র।


