সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার ১৭ গ্রামে আগামিকাল ঈদ, প্রস্তুত ৬ হাজার পরিবার

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) ভোলার পাঁচ উপজেলার ১৭টি গ্রামে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। স্থানীয় সূত্রে জানা গেছে, এসব এলাকার প্রায় ছয় হাজার পরিবার প্রতি বছরের মতো এবারও একদিন আগেই ঈদ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

প্রবীণ বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়ার পর থেকেই জেলার বিভিন্ন গ্রামের এই পরিবারগুলো আগাম ঈদ পালনের সিদ্ধান্ত নেয়। বহু বছর ধরে চলে আসা এই প্রথা অনুসরণ করেই তারা ধর্মীয় আচার পালন করে আসছে।

আগামীকাল সকাল ৯টায় বোরহানউদ্দিন (Borhanuddin) উপজেলার টবগী ইউনিয়নের টবগী গ্রামে খলিফা মজনু মিয়ার বাড়ির আঙিনায় অনুষ্ঠিত হবে প্রথম ঈদের জামাত। পূর্বে শরীয়তপুরের নড়িয়া (Naria) উপজেলার সুরেশ্বর দরবার পীরের মুরিদ ও ভোলা জেলার দায়িত্বপ্রাপ্ত খলিফা মজনু মিয়া এই জামাতে ইমামতি করতেন। তবে তার মৃত্যু হওয়ায় এবছর তার পুত্র রাসেদুল ইসলাম বাবু ইমামতির দায়িত্ব পালন করবেন।

একই দিনে টবগী গ্রামের চৌকিদার বাড়ির জামে মসজিদে সকাল ৯টায় আরেকটি জামাতে ইমামতি করবেন মওলানা সিহাব উদ্দিন। এছাড়া পঞ্চায়েত বাড়ির জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে আরেকটি জামাত। সকাল ৯টা থেকে ১০টার মধ্যে জেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে ঈদের নামাজ আদায় করা হবে।

জানা যায়, ভোলা (Bhola) সদর উপজেলার ইলিশা ও রতনপুর, বোরহানউদ্দিনের টবগী ও মুলাইপত্তন, তজুমদ্দিন (Tazumuddin) উপজেলার শিবপুর, খাসেরহাট, চাঁদপুর ও চাঁচড়া, লালমোহন (Lalmohan) উপজেলার পৌর শহর ও ফরাসগঞ্জ, এবং চরফ্যাশন (Charfasson) উপজেলার পৌর শহর, দুলারহাট, ঢালচর, চর পাতিলা, চর কুকরী-মুকরী ও চর বাসনভাঙ্গা—এইসব এলাকার প্রায় ছয় হাজার পরিবার প্রতিবছর আগাম ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকে।

শুধু সুরেশ্বর পীরের মুরিদরাই নয়, চট্টগ্রামের সাতকানিয়া ও ভান্ডারি শরিফ পীরের অনুসারীরাও শত বছরেরও বেশি সময় ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করে আসছেন।

এদিকে ঈদ উদযাপনকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাউছার। তিনি বলেন, যেসব গ্রামে ঈদ উদযাপিত হবে, সেখানে স্থানীয় থানা পুলিশের সমন্বয়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে ঈদ উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *