পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (Mohammad Shahabuddin) এবং তার স্ত্রী রেবেকা সুলতানা।
বঙ্গভবনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ঈদের দিন সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি। এরপর বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বঙ্গভবনে আগত অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
এ সময় বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর প্রতিও ঈদের শুভেচ্ছা জানাবেন রাষ্ট্রপতি।
এই আয়োজনে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৮ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে বঙ্গভবনে। আগতদের জন্য থাকবে ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের আয়োজন।
অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন বলেও জানা গেছে।


