ঈদের আনন্দঘন দিনে এক ভিন্নধর্মী মুহূর্তের সাক্ষী হলো সামাজিক যোগাযোগমাধ্যম। রাস্তায় দায়িত্বরত এক পুলিশ সার্জেন্টকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এমন একটি ভিডিও ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও প্রশংসা।
ভিডিওটিতে দেখা যায়, প্রধানমন্ত্রী সড়কের পাশে দাঁড়িয়ে আছেন। এসময় দায়িত্ব পালনরত এক পুলিশ সার্জেন্ট তাকে দেখে দ্রুত এগিয়ে আসেন। তিনি প্রথমে স্যালুট দেন এবং করমর্দনের জন্য হাত বাড়ান। কিন্তু প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে তাকে কাছে টেনে নিয়ে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর এমন স্বতঃস্ফূর্ত ও আন্তরিক আচরণ মুহূর্তেই উপস্থিতদের মাঝে অন্যরকম উচ্ছ্বাস তৈরি করে। বিশেষ করে ওই পুলিশ সদস্যের প্রতিক্রিয়ায় ছিল বিস্ময় ও আনন্দের মিশেল, যা ভিডিওটিকে আরও আবেগঘন করে তুলেছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন (Dr. AZM Zahid Hossain), যিনি সমাজকল্যাণমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি তার পোস্টে লেখেন, “এই দৃশ্য ঈদের আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। যেমন রাষ্ট্র চাই, ঠিক সেই পথে।”
ভিডিওটি প্রকাশের পর থেকেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে গেছে। হাজার হাজার মানুষ এটি শেয়ার করে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন। অনেকেই বলছেন, এমন মানবিক ও সহজ-সরল আচরণ একজন নেতার প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা আরও বাড়িয়ে দেয়।
ঈদের মতো উৎসবের দিনে এমন একটি মুহূর্ত যেন রাজনৈতিক পরিসরের বাইরেও মানবিক সংযোগের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।


