বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি দেশের মানুষের গভীর আস্থা রয়েছে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, তারেক রহমানের নেতৃত্বেই একটি সুখী, সমৃদ্ধ এবং উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুলের বক্তব্যে উঠে আসে ভবিষ্যৎ রাষ্ট্রগঠনের প্রতিশ্রুতি। তিনি বলেন, “আমরা নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি। তারেক রহমান নির্বাচনে জয়ী হয়ে দেশের নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশকে একটি সত্যিকারের উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলব।”
স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তার ভাষায়, জিয়াউর রহমানের আহ্বানেই মুক্তিযুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়েছিল। আর খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে গেছেন।
সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও কথা বলেন তিনি। তার মতে, গত ১৫-১৬ বছরে দেশে গণতন্ত্র বাধাগ্রস্ত ছিল। তবে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে সেই পরিস্থিতির পরিবর্তন এসেছে। এবার একটি ভিন্ন, তুলনামূলক স্বাধীন পরিবেশে স্বাধীনতা দিবস উদ্যাপিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ্য, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি পালন করা হচ্ছে। ১৯৭১ সালের এই দিনেই বাঙালি জাতি সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, যার মধ্য দিয়েই অর্জিত হয় বাংলাদেশের কাঙ্ক্ষিত স্বাধীনতা।


