প্রিপেইড মিটারে মাসিক চার্জ বাতিলের সিদ্ধান্ত, স্বস্তির বার্তা গ্রাহকদের জন্য

প্রিপেইড বিদ্যুৎ মিটার ব্যবহারকারীদের জন্য বড় এক স্বস্তির খবর নিয়ে এসেছে সরকার। দীর্ঘদিনের অভিযোগ, ক্ষোভ ও অসন্তোষের পর অবশেষে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু (Iqbal Hasan Mahmud Tuku)।

রবিবার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল। বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করার পর সরকার গ্রাহকবান্ধব বিদ্যুৎসেবা নিশ্চিত করতে দ্রুত এই চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও জানান, খুব অল্প সময়ের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

বর্তমানে দেশে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া হিসেবে পরিশোধ করতে হয়। কিন্তু এ নিয়ে গ্রাহকদের অভিযোগ দীর্ঘদিনের—মিটারের মূল দাম আদায় হয়ে যাওয়ার পরও বছরের পর বছর একই ভাড়া আদায় করা হচ্ছে, যা তাদের কাছে অযৌক্তিক বলে মনে হয়েছে।

সরকারের এই নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের মাসিক খরচ কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এটি বিদ্যুৎ খাতে গ্রাহক সন্তুষ্টি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *