দুই দশকের দীর্ঘ পথচলা অতিক্রম করে ২১ বছরে পদার্পণ করেছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলাভিশন (Banglavision)। মুক্তিযুদ্ধ, গণতন্ত্র এবং বৈষম্যহীন বাংলাদেশের চেতনায় প্রতিষ্ঠার সূচনা থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও মানসম্মত অনুষ্ঠানমালার মাধ্যমে কোটি দর্শকের প্রত্যাশা পূরণ করে ধারাবাহিকভাবে এগিয়ে চলছে এই গণমাধ্যমটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দর্শক, নির্মাতা, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা এবং ক্যাবল অপারেটরসহ সকল শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছে চ্যানেলটি। স্যাটেলাইট মাধ্যমটির এই দীর্ঘ পথচলার সূচনা ও বিকাশের গল্প উঠে এসেছে আজকের প্রতিবেদনে।
দিনপঞ্জির পাতা ঘেঁটে দেখা যায়, ২০০৬ সালের ৩১ মার্চ “দৃষ্টি জুড়ে দেশ” স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করে বাংলাভিশন। গণমানুষের কথা তুলে ধরার প্রত্যয়ে শুরু হওয়া সেই পথচলা আজ দুই দশক পেরিয়ে ২১ বছরে এসে পৌঁছেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশের কোটি দর্শকের আস্থা অর্জন করেছে এই গণমাধ্যম।
দীর্ঘ সময় ধরে দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে মানুষের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বাংলাভিশন। দেশে ও প্রবাসে ছড়িয়ে থাকা দর্শকদের প্রত্যাশা পূরণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এই ধারাবাহিক সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি বছর।
ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলন এবং চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে চ্যানেলটি। সংবাদ পরিবেশন ও অনুষ্ঠান নির্মাণে এই আদর্শই হয়ে উঠেছে তাদের পথচলার মূল শক্তি।
প্রতিষ্ঠানটির কর্মীবান্ধব ব্যবস্থাপনা সংবাদের বস্তুনিষ্ঠতা এবং মানসম্মত অনুষ্ঠান নির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাজনীতি, অর্থনীতি, দেশ-বিদেশ কিংবা প্রাকৃতিক দুর্যোগ—সংবাদ যেখানে, সবার আগে সেখানে পৌঁছানোর চেষ্টা করে বাংলাভিশন। রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অনিয়ম কিংবা পরিবর্তনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরা এখানকার সংবাদ টিমের অন্যতম বৈশিষ্ট্য। নিরপেক্ষতা ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনই তাদের প্রধান শক্তি।
চ্যানেলটির নিবেদিতপ্রাণ কর্মীরা দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে। তারা তুলে আনছেন খবরের অন্তরালের গল্প। এই নিরলস সাংবাদিকতার ফলেই সকল শ্রেণী-পেশার মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের জায়গা তৈরি করেছে বাংলাভিশন।
ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে অনলাইন বিভাগও এখন আরও সমৃদ্ধ। নিউজ পোর্টাল, সোশ্যাল মিডিয়া এবং মোবাইল অ্যাপের মাধ্যমে দর্শকদের কাছে দ্রুত ও নির্ভুল তথ্য পৌঁছে দিতে কাজ করছে একটি দক্ষ ডিজিটাল টিম। এতে টেলিভিশন মাধ্যমের পরিধি আরও বিস্তৃত হয়েছে।
শুধু সংবাদ নয়, অনুষ্ঠান নির্মাণেও রয়েছে নিজস্ব স্বাতন্ত্র্য। দেশ ও প্রবাসের দর্শকদের রুচি ও পছন্দকে গুরুত্ব দিয়ে নাটক, টেলিফিল্ম, সিনেমা, গানসহ বিনোদনের বিভিন্ন ক্ষেত্রে ভিন্নধর্মী উপস্থাপনা দিয়ে আলাদা অবস্থান তৈরি করেছে বাংলাভিশন। প্রতিটি বর্ষপূর্তিতে দর্শকদের ভালোবাসায় সিক্ত হওয়াই তার প্রমাণ।
প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বমানের এইচডি সম্প্রচারে এগিয়ে রয়েছে চ্যানেলটি। সম্প্রচার ও তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মীরা নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করে চলেছেন। সংবাদ ও অনুষ্ঠান নির্বিঘ্নভাবে প্রচারে প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করছেন।
দেশের গণ্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকায় বসবাসরত লাখো বাংলা ভাষাভাষীর কাছেও জনপ্রিয় একটি নাম বাংলাভিশন। সুসংগঠিত প্রশাসন ও মানবসম্পদ বিভাগ কর্মপরিবেশকে আরও শক্তিশালী করেছে। বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে কাজ করছে বিপণন বিভাগ। আর্থিক ব্যবস্থাপনা, বেতন-বোনাসসহ সকল অর্থনৈতিক দায়িত্ব পালন করছে অর্থ বিভাগ।
সকল বিভাগের সম্মিলিত প্রচেষ্টা ও অদম্য পরিশ্রমে আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাভিশনের কর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে তাদের একটাই প্রত্যাশা—আস্থা ও ভালোবাসার এই পথচলা যেন অব্যাহত থাকে আগামীতেও।


