শিশুদের হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার উদ্বেগজনক প্রাদুর্ভাব দেখা দেওয়ায় স্বাস্থ্য খাতে জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর ও এর অধীন সব প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, আপৎকালীন এই পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং এর আওতাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি স্থগিত বা বাতিল হিসেবে গণ্য হবে। অর্থাৎ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ ছুটিতে যেতে পারবেন না।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) জালাল উদ্দিন মোহাম্মদ রুমী (Jalal Uddin Mohammad Rumi) স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এটি জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

হামজনিত নিউমোনিয়ার বিস্তার রোধে এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ শিশুদের মধ্যে সংক্রমণের হার বাড়তে থাকায় স্বাস্থ্য ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪৭ জন। সবমিলিয়ে গত ১৫ই মার্চ থেকে শুক্রবার পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯২ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাম নিশ্চিত রোগীর সংখ্যা ৪২ জন। তাদের নিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭১ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ৩ জন হাম রোগীর মৃত্যু হয়েছে। তাদের নিয়ে গত ১৫ই মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৯৪ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *