দীর্ঘ প্রায় তিন মাস বিরতির পর আবারও বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম—জাতীয় স্থায়ী কমিটি। শনিবার (৪ এপ্রিল) রাত পৌনে ৯টায় গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)। বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান (Shayrul Kabir Khan)।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংগঠনিক ইস্যু প্রাধান্য পাচ্ছে। বিশেষ করে দল পুনর্গঠন, সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনা এবং জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন—এই বিষয়গুলোতে নতুন সিদ্ধান্ত আসতে পারে।
বৈঠকে আলোচ্য চারটি প্রধান ইস্যুর মধ্যে প্রথমেই রয়েছে সংগঠন পুনর্গঠন। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সারা দেশে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো দ্রুত পুনর্গঠন করে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার একটি রোডম্যাপ নির্ধারণ হতে পারে।
দ্বিতীয়ত, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন নিয়ে দলের অবস্থান ও করণীয় নির্ধারণ করা হতে পারে। এই বিষয়টি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় বৈঠকে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
তৃতীয়ত, কেন্দ্রীয় নেতাদের দলীয় কার্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা নিয়েও আলোচনা হচ্ছে। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নেতাদের উপস্থিতি বাড়ানো এবং সাংগঠনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে কঠোর নির্দেশনা আসতে পারে।
চতুর্থ গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে রয়েছে বর্তমান সরকারের কার্যক্রম পর্যালোচনা। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের যু’\দ্ধ পরিস্থিতির প্রভাবে তৈরি হওয়া জ্বালানি সংকট নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর এই বৈঠক দলীয় কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


