শেরপুরে মাঠে নামানো হলো ১৬ প্লাটুন বিজিবি

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ উপনির্বাচনকে সামনে রেখে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা। নির্বাচনি এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল রাতে বিজিবি সদস্যরা দুই উপজেলায় অবস্থান নেন এবং শনিবার (৪ এপ্রিল) থেকে তারা সক্রিয়ভাবে দায়িত্ব পালন শুরু করেছেন। আগামী ১১ এপ্রিল পর্যন্ত তারা নির্বাচনি এলাকায় দায়িত্বে থাকবেন।

নির্বাচন-পূর্ব পাঁচ দিন, ভোটগ্রহণের দিন এবং পরবর্তী দুই দিন পর্যন্ত বিজিবি সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলসহ সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন। ইতোমধ্যে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন বেইজ ক্যাম্পে অবস্থান নিয়ে তারা মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন। পাশাপাশি সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরাও প্রয়োজন অনুযায়ী সহায়তা করবেন।

শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন (Mohammad Jahangir Hossain) জানিয়েছেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় সেনাবাহিনী সরাসরি দায়িত্ব পালন করতে না পারায় বিজিবির উপস্থিতি বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, ১৬ প্লাটুনে প্রায় ৩২০ জন বিজিবি সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন।

নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে র‌্যাবের ১০টি টিম, অতিরিক্ত ৪টি রিজার্ভ টিম, পুলিশের ২৬টি মোবাইল টিম এবং ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া ১৮ জন নির্বাচন পর্যবেক্ষক, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ইলেকশন ইনকোয়ারি কমিটির ৩ জন যুগ্ম জেলা জজ দায়িত্ব পালন করবেন।

প্রতি ভোটকেন্দ্রে ৫ থেকে ৬ জন পুলিশ সদস্যের পাশাপাশি ১২ জন করে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সেনাবাহিনীর কয়েকটি টিমও সহায়ক ভূমিকায় থাকবে।

উল্লেখ্য, জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়েছিল। নতুন তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *