হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার নিচ্ছে। এমন পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স (JD Vance) জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগে ‘প্রচুর আলোচনা ও দরকষাকষি’ চলছে।
তিনি বলেন, এই সময়সীমার মধ্যেই সিদ্ধান্ত স্পষ্ট হয়ে যাবে—ইরান কোনো গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাবে কি না। ভ্যান্সের ভাষায়, “প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমান সময় থেকে প্রায় ১২ ঘণ্টা পরের একটি সময়সীমা নির্ধারণ করেছেন। তখনই আমরা সব জানতে পারব। তবে এর মধ্যে অনেক আলোচনা হবে, এবং আমি আশাবাদী একটি ভালো সমাধান আসবে।”
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট (Budapest)-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। তবে একই সময়ে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক উদ্বেগজনক বার্তা দেন। সেখানে তিনি লিখেছেন, আজ রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। যদিও তিনি এটি চান না, তবুও পরিস্থিতি সেদিকেই যাচ্ছে বলে ইঙ্গিত দেন।
এর আগে ট্রাম্প একাধিকবার ইরানকে ‘প্রস্তর যুগে’ পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি দেশটির বিদ্যুৎকেন্দ্র, সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার কথা উল্লেখ করেন এবং সম্ভাব্য যুদ্ধাপরাধের আশঙ্কা সরাসরি নাকচ করে দেন।
ট্রাম্পের আলটিমেটাম অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত আটটায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা) এই চূড়ান্ত সময়সীমা শেষ হবে। সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠছে।
এরই মধ্যে সময়সীমা শেষ হওয়ার আগেই ইরানের বিভিন্ন স্থানে রেলসেতু, সড়ক সেতুসহ বেসামরিক অবকাঠামোয় হামলার খবর পাওয়া গেছে। এতে করে আশঙ্কা তৈরি হয়েছে—পরিস্থিতি যেকোনো সময় বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে।


