ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল সভাপতিসহ সাতটি পদে এবং আওয়ামীপন্থি স্বতন্ত্র প্যানেল সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে জয়লাভ করেছে।
বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে গভীর রাতে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সারওয়ার হোসেন। নির্বাচনে ১২টি পদের বিপরীতে তিনটি পৃথক প্যানেল থেকে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ২৬৩ জন ভোটারের মধ্যে ২৫০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে ইউসুফ আলী ছাড়াও নির্বাচিত হয়েছেন পাঠাগার সম্পাদক পদে আব্দুল মান্নান, অর্থ সম্পাদক পদে কামাল হোসেন (সুলতান) এবং সদস্য পদে রফিজুদ্দিন, নাজমা ইসলাম, আহসান হাবিব ও আনোয়ারুল হক। অন্যদিকে, আওয়ামীপন্থি স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ ফরিদ। এই প্যানেল থেকে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন—সহ-সভাপতি জিতেন চন্দ্র পল ও রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক সোহরাব হোসেন প্রধান এবং কমন রুম ও সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার ইবনে মোস্তফা।
এবারের নির্বাচনে জামায়াতপন্থি ‘বাংলাদেশ ল’য়ারস কাউন্সিল’ প্যানেল কোনো পদে জয়লাভ করতে না পারলেও প্রার্থীরা উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছেন। উল্লেখ্য যে, অতীতের নির্বাচনগুলোতে বিএনপি ও জামায়াত জোটবদ্ধ হয়ে অংশগ্রহণ করলেও এবার তারা আলাদাভাবে প্রার্থী দেয়। সাধারণ আইনজীবীদের ধারণা, এই দুই পক্ষ পৃথকভাবে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি প্যানেল প্রত্যাশিত ফল পায়নি এবং অন্যদিকে আওয়ামীপন্থি প্যানেল ধারণাতীত ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। মূলত ভোট ভাগাভাগির কারণেই নির্বাচনের সমীকরণ এমন হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


