জ্বালানি সংকট মোকাবিলা এবং শিক্ষা কার্যক্রম সচল রাখতে রাজধানীর নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরীক্ষামূলকভাবে হাইব্রিড পদ্ধতিতে ক্লাস শুরু হয়েছে। এর অংশ হিসেবে রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ (Viqarunnisa Noon School and College)-এ আনুষ্ঠানিকভাবে অনলাইন ক্লাস চালু করা হয়।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় (Ministry of Education)-এর দায়িত্বপ্রাপ্ত শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন (Dr. A N M Ehsanul Haque Milon) জ্বালানি সাশ্রয় এবং ডিজিটাল শিক্ষা ব্যবস্থার প্রসারে রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বিত পদ্ধতি চালুর পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
সেই ঘোষণার ধারাবাহিকতায় ভিকারুননিসার কলেজ শাখায় পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষকরা নিজ নিজ শ্রেণিকক্ষে উপস্থিত থেকেই ভার্চুয়ালি পাঠদান করছেন। অন্যদিকে শিক্ষার্থীরা নিজ নিজ বাসা থেকে অনলাইনে ক্লাসে যুক্ত হচ্ছেন।
শিক্ষকদের ভাষ্য, বৈসাবির ছুটি চলায় আপাতত কলেজ শাখায় এই কার্যক্রম শুরু হয়েছে। তবে পর্যায়ক্রমে স্কুল শাখাতেও একই পদ্ধতি চালু করা হবে। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পাঠদান চালু রাখার পাশাপাশি জ্বালানি ব্যবহারে চাপ কমানোর চেষ্টা করা হচ্ছে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে তিন দিন—রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস নেওয়া হবে। আর শনিবার, সোমবার ও বুধবার চলবে অফলাইন বা সরাসরি শ্রেণি কার্যক্রম। এভাবে ধাপে ধাপে একটি সমন্বিত শিক্ষাব্যবস্থার কাঠামো দাঁড় করানোর চেষ্টা চলছে।
মন্ত্রী জানিয়েছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় আরও অভ্যস্ত করে তোলা। রাজধানীতে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি সফল হলে, পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলেও তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।


