সাবেক উপদেষ্টা মাহফুজ আলম শুক্রবার (১৭ মার্চ) দেওয়া এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় অতীতের প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান কার্যক্রম থেমে থাকা উচিত নয়; বরং তা ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়া প্রয়োজন। তার মতে, এই এলাকায় পার্ক বা জাদুঘর নির্মাণের পরিকল্পনার আগে মাটির নিচে লুকিয়ে থাকা ইতিহাসের সন্ধান করা জরুরি।
তিনি লেখেন, আওয়ামী লীগ সরকারের আমলে এখানে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই কাজ মাঝপথে থেমে না রেখে এগিয়ে নেওয়ার মধ্যেই রয়েছে ইতিহাস সংরক্ষণের দায়বদ্ধতা। তার ভাষায়, “বিগত লীগ সরকারের আমলে কিছু কাজ শুরু হয়েছিল। সেটা চালিয়ে নেওয়া দরকার।”
মাহফুজ আলম আরও উল্লেখ করেন, ঢাকা শহরের ঐতিহ্য চারশ বছরেরও বেশি পুরনো—এই দাবিকে আরও সুস্পষ্টভাবে প্রতিষ্ঠার একটি বাস্তব সুযোগ রয়েছে এই কারাগার এলাকা ঘিরে। তার মতে, এমন প্রমাণ কেবল কল্পনা নয়, বরং ইতোমধ্যেই নানা সূত্রে তার উপস্থিতি পাওয়া গেছে।
তিনি নগর উন্নয়নের প্রয়োজনীয়তা অস্বীকার করেননি। বরং বলেন, আধুনিক নগরায়ণ, পার্ক বা বিনোদন কেন্দ্র নির্মাণ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একটি শহরের অতীত ও ঐতিহ্য সংরক্ষণ করাও সমান জরুরি। তার এই মন্তব্যে একদিকে যেমন উন্নয়ন ও ঐতিহ্যের ভারসাম্যের প্রশ্ন উঠে আসে, অন্যদিকে তা নগর পরিকল্পনায় ইতিহাসের গুরুত্ব নতুন করে আলোচনায় নিয়ে আসে।


