আবারো হরমুজ পাড়ি দিতে ব্যর্থ হয়ে ফিরে গেলো ‘বাংলার জয়যাত্রা’

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণার পর নতুন আশায় যাত্রা শুরু করেছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। কিন্তু সেই যাত্রা দীর্ঘস্থায়ী হয়নি। শুক্রবার গভীর রাতে নোঙর তোলার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের বাহিনীর নির্দেশে জাহাজটিকে আবার ফিরে যেতে হয়েছে পারস্য উপসাগরে।

জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণার পরই তারা হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু মাঝপথেই বেতারবার্তার মাধ্যমে ইরানের পক্ষ থেকে জানানো হয়, জাহাজটিকে প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হচ্ছে না। সেই নির্দেশনা পাওয়ার পরই জাহাজটি আবার নিরাপদ আশ্রয়ের দিকে ফিরে যেতে বাধ্য হয়।

তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় নিয়ে তারা আগের অবস্থানে ফিরে যাচ্ছেন, অর্থাৎ পারস্য উপসাগরেই অবস্থান নেবেন যতক্ষণ না পরবর্তী নির্দেশনা আসে। এতে করে জাহাজটির যাত্রা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল।

এর আগে বাংলাদেশ শিপিং করপোরেশন (Bangladesh Shipping Corporation)-এর ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছিলেন, বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি পারস্য উপসাগর ছেড়ে হরমুজ প্রণালিতে প্রবেশ করে। তখন ধারণা করা হচ্ছিল, ভোর রাত তিনটার মধ্যেই প্রণালি অতিক্রম করতে পারবে জাহাজটি।

কিন্তু বাস্তবতা ভিন্ন মোড় নেয়। প্রণালির গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তাজনিত নির্দেশনার কারণে শেষ পর্যন্ত থমকে যায় যাত্রা। ফলে আন্তর্জাতিক এই জলপথে চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার প্রভাব পড়তে পারে সামুদ্রিক বাণিজ্য ও নৌপরিবহনে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *