এনসিপির পক্ষ থেকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল : রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক নেত্রী রুমিন ফারহানা জানিয়েছেন, তাকে ঘিরে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-তে যোগদানের যে গুঞ্জন ছড়িয়েছে, তার কোনো ভিত্তি নেই। তবে তিনি স্বীকার করেছেন, এনসিপির পক্ষ থেকে তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

শুক্রবার জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে (Deutsche Welle)-এর বাংলা টক শো’তে অংশ নিয়ে তিনি এ বিষয়ে খোলামেলা বক্তব্য দেন।

রুমিন ফারহানা বলেন, বিষয়টি পুরোপুরি গুজব এবং এতে কোনো সত্যতা নেই। তিনি জানান, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেই তার সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়েছে। সেই ধারাবাহিকতায় এনসিপিও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানায়।

তার ভাষায়, “বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বাভাবিকভাবেই অনেক দল যোগাযোগ করবে। এনসিপির পক্ষ থেকেও আমাকে বলা হয়েছে—আপা, আমাদের সঙ্গে যুক্ত হন, একসঙ্গে কাজ করি। আপনি আন্দোলনের মাঠে ছিলেন, আপনার বাসা ভাঙচুর হয়েছে, আপনি একজন ফ্রন্টলাইনার—এই যুক্তিগুলো তারা তুলে ধরেছে।”

তবে এসব প্রস্তাবে তিনি ইতিবাচক সাড়া দেননি বলেই জানান। তিনি বলেন, এই আহ্বানকে তিনি গুরুত্ব দিয়ে বিবেচনা করেননি এবং বিষয়টি নিয়ে আর এগোননি।

এনসিপিতে যোগ দিলে সংসদে আরও বেশি কথা বলার সুযোগ তৈরি হবে কিনা—এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা স্পষ্টভাবে বলেন, কেবল বক্তব্য দেওয়ার সুযোগের জন্য তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দিতে রাজি নন। তার মতে, নিজের রাজনৈতিক আদর্শ ও চিন্তাভাবনা বিসর্জন দিয়ে শুধুমাত্র সংসদে কথা বলার সুযোগ পাওয়ার বিষয়টি গ্রহণযোগ্য নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *