বিএনপি সরকারের ক্ষমতা গ্রহণের পরপরই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম শুরু হয়। এ উদ্যোগের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, এখন পর্যন্ত মোট ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে এই কার্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে দেশের ১০টি জেলার ২২ হাজারের বেশি প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকের হাতে তুলে দেওয়া হয়েছে ‘কৃষক কার্ড’।
শনিবার (১৮ এপ্রিল) সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। সরকারের প্রাথমিক পদক্ষেপগুলোকে জনমুখী ও কল্যাণকেন্দ্রিক হিসেবে তুলে ধরে মাহদী আমিন বলেন, প্রতিটি ফ্যামিলি কার্ডের বিপরীতে মাসে ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা দেওয়া হচ্ছে। তার ভাষায়, এই উদ্যোগ নারীর অর্থনৈতিক, পারিবারিক এবং সামাজিক ক্ষমতায়নে একটি আন্তর্জাতিক মানদণ্ড তৈরি করতে সক্ষম।
একইসঙ্গে কৃষকদের জন্য চালু করা ‘কৃষক কার্ড’ সম্পর্কে তিনি জানান, এতে ১০ ধরনের সুবিধা ও নগদ অর্থায়নের সুযোগ রাখা হয়েছে। ফলে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকরা সরাসরি উপকৃত হবেন বলে আশা করছে সরকার।
তিনি আরও উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পরপরই সরকার ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করেছে। এই ধরনের সহায়তামূলক কার্যক্রম ধাপে ধাপে আরও বিস্তৃত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
সংবাদ সম্মেলনের একপর্যায়ে তিনি গণমাধ্যম ও জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারের যেকোনো ভুল বা সীমাবদ্ধতা যুক্তিসংগত সমালোচনার মাধ্যমে তুলে ধরা উচিত। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সরকারের ইতিবাচক উদ্যোগগুলোর পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। তার মতে, জনগণের সহযোগিতা এবং গঠনমূলক সমালোচনাই সরকারের কাজকে আরও সমৃদ্ধ করে।
মাহদী আমিন আরও বলেন, মুখপাত্র হিসেবে তাদের প্রধান লক্ষ্য হলো প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনা, রাষ্ট্র পরিচালনার নীতিমালা এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থায় গৃহীত বিভিন্ন উদ্যোগকে একটি স্বচ্ছ, নিয়মতান্ত্রিক এবং ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা।


