বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়।

এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান (Md. Toufiqur Rahman)। এর আগে সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান (Dr. Zubaida Rahman) উপস্থিত আছেন। বগুড়ায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।

জানা গেছে, দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পাশাপাশি জেলার বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউসে উপস্থিতির পর বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইল বন্ড কার্যক্রম উদ্বোধন, বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবগঠিত সিটি করপোরেশনে উন্নীত করার ফলক উন্মোচন করা হবে।

দুপুর পৌনে ১২টায় বগুড়া শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশে যাত্রা করবেন তিনি। সেখানে দুপুর পৌনে ১টায় জিয়াউর রহমান (Ziaur Rahman)-এর নামানুসারে প্রতিষ্ঠিত গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।

এছাড়া বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জনসভা শেষে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি।

দিনব্যাপী এসব কর্মসূচি শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতির কথাও রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *