বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে ফাহমিদা হক সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন সাংবাদিক, কলামিস্ট ও টকশো উপস্থাপক এবং সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (Center for Governance Studies)-এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি নিজের অবস্থান তুলে ধরেন।
বিজ্ঞপ্তিতে জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও পরিচালক জিল্লুর রহমান বলেন, তার স্ত্রী ফাহমিদা হক বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় অনেকেই তার প্রতিক্রিয়া জানতে চেয়েছেন। সেই প্রেক্ষিতেই তিনি কিছু কথা জানানো প্রয়োজন মনে করেছেন।
তিনি বলেন, ফাহমিদা হকের জনসম্পৃক্ততা নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরে তিনি লেখালেখি, সামাজিক উদ্যোগ এবং নীতিনির্ধারণ সংশ্লিষ্ট আলোচনায় সক্রিয়ভাবে যুক্ত আছেন। দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে যোগাযোগ, সামাজিক বাস্তবতার অভিজ্ঞতা এবং লেখার মাধ্যমে জনপরিসরে অংশগ্রহণ—এসবের মধ্য দিয়েই তার রাজনীতি ও জনজীবনের প্রতি আগ্রহ গড়ে উঠেছে।
জিল্লুর রহমান আরও উল্লেখ করেন, সংসদ সদস্য হিসেবে ফাহমিদার এই নির্বাচন তার দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততার ধারাবাহিকতারই একটি নতুন অধ্যায়। তিনি আশা প্রকাশ করেন, ফাহমিদা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং দেশের সংসদীয় কার্যক্রম ও গণতান্ত্রিক আলোচনায় ইতিবাচক ভূমিকা রাখবেন।
তবে একই সঙ্গে নিজের পেশাগত অবস্থান নিয়ে স্পষ্ট বক্তব্য দেন তিনি। বলেন, একজন সাংবাদিক, কলামিস্ট, টকশো উপস্থাপক এবং একটি নীতি-গবেষণা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তার পেশাগত জীবন দীর্ঘদিনের স্বাধীন চর্চার মধ্য দিয়ে গড়ে উঠেছে, যা ভবিষ্যতেও অপরিবর্তিত থাকবে।
তিনি জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় একই পরিবারের সদস্যরা ভিন্ন ভিন্ন জনভূমিকা পালন করতে পারেন, কিন্তু পেশাগত সততা সব সময় স্বাধীন থাকা জরুরি। বস্তুনিষ্ঠতা, ন্যায্যতা এবং উন্মুক্ত জনআলোচনার প্রতি তার প্রতিশ্রুতি আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স্ত্রীর নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করে জিল্লুর রহমান বলেন, ফাহমিদা হকের জন্য তিনি শুভকামনা জানাচ্ছেন। পাশাপাশি নিজের ক্ষেত্রেও সাংবাদিকতা ও নীতি-আলোচনায় একই স্বাধীনতা ও দায়বদ্ধতা বজায় রেখে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত ৩৬ জনের তালিকা ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (Bangladesh Nationalist Party)। তালিকায় দলের স্থায়ী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, নেতাদের স্ত্রী-কন্যা, ছাত্রদলের নেত্রী, পেশাজীবী ও সামাজিক প্রতিনিধিরা স্থান পেয়েছেন। এর মধ্যে জিল্লুর রহমানের সহধর্মিনী ফাহমিদা হকও মনোনয়ন পান।


