জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট, দেবীগঞ্জে শিক্ষার্থী আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর সেটি ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নেয়।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে মো. শাকিল আহমেদ (২৪) নামে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। তিনি নগর ভাউলাগঞ্জ এলাকার মো. বুলবুল ইসলামের ছেলে এবং ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) শাকিল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে একটি পোস্ট দেন। ওই পোস্টে এআইয়ের মাধ্যমে জাইমা রহমানের সঙ্গে নিজের ছবি যুক্ত করে একটি ক্যাপশন লেখেন, যা পরবর্তীতে বিতর্কের জন্ম দেয়।

ক্যাপশনে তিনি লিখেন, ‘তারেক কাকু সব কার্ড ছাপিয়ে দিল খালি আমাদের বিয়ের কার্ড দিল না। ১. পরিবার কার্ড ২. তেল কার্ড ৩. খেলাধুলা কার্ড আরও কিছু কার্ড রেডি।’ এই পোস্টের স্ক্রিনশট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (Bangladesh Nationalist Party – BNP)-এর নেতাকর্মীদের নজরে এলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয়ভাবে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে বিষয়টি পুলিশকে জানানো হয়।

এরপর এসআই ফারুকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে শাকিল আহমেদকে আটক করে।

দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, বিতর্কিত স্ট্যাটাসটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে অভিযুক্তের ফেসবুক প্রোফাইল পর্যালোচনা করে ওই পোস্টের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *