হরমুজ প্রণালিতে ভারতীয় দুই জাহাজ জব্দের ভিডিও প্রকাশ করলো ইরান

হরমুজ প্রণালিতে ভারতগামী দুটি জাহাজ জব্দের ভিডিও প্রকাশ করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। জব্দ হওয়া জাহাজ দুটি হলো ‘ইপামিনোন্ডাস’ ও ‘এমএসসি ফ্রান্সেসকা’, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইরানি পতাকাবাহী স্পিডবোট দ্রুতগতিতে জাহাজগুলোর দিকে অগ্রসর হচ্ছে। এরপর মুখোশধারী ও অস্ত্রধারী নৌসেনারা জাহাজে উঠে সেগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ করে।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল-সংশ্লিষ্ট গণমাধ্যম নূর নিউজ (Noor News) জানায়, সতর্কবার্তা অমান্য করায় ‘ইপামিনোন্ডাস’ জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একই সময়ে ‘ইউফোরিয়া’ নামের আরেকটি জাহাজও লক্ষ্যবস্তুতে পরিণত হলে সেটি থেমে যায়। পাশাপাশি ‘এমএসসি ফ্রান্সেসকা’কেও নিশানা করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এক বিবৃতিতে আইআরজিসি (Islamic Revolutionary Guard Corps – IRGC) জানায়, বৃহস্পতিবার সকালে হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘনের অভিযোগে জাহাজ দুটি শনাক্ত করে থামানো হয়। সংস্থাটির দাবি, ‘এমএসসি ফ্রান্সেসকা’ ইসরায়েল-সংশ্লিষ্ট মালিকানাধীন এবং ‘ইপামিনোন্ডাস’ নেভিগেশন ব্যবস্থায় কারসাজির মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলছিল।

বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে আরোপিত বিধিনিষেধ অমান্য বা নিরাপদ নৌচলাচল ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এমন পদক্ষেপ নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *