অসভ্যতা ও উগ্রতার বিরুদ্ধে এখনই ‘না’ বলার আহ্বান মুশফিকুল ফজল আনসারীর

সমাজে ক্রমবর্ধমান অসভ্যতা, অশ্রদ্ধা ও উগ্রতার বিরুদ্ধে এখনই দৃঢ় অবস্থান নেওয়ার তাগিদ দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী (Mushfiqul Fazal Ansarey)। তিনি মনে করেন, কেবল আইনি সংস্কার যথেষ্ট নয়—সমাজকে সুস্থ রাখতে প্রয়োজন মানসিকতারও পরিবর্তন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টা ৫৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘দেশে আইনি সংস্কারের পাশাপাশি নিজেদের মন-মানসিকতার সংস্কার এবং অসভ্যতাকে স্পষ্টভাবে না বলার এখনই সময়।’

তিনি সতর্ক করে বলেন, আধুনিকতার আড়ালে যে অস্বাস্থ্যকর মানসিকতা সমাজে বিস্তার লাভ করছে, তা ব্যক্তি ও রাষ্ট্র—উভয়ের জন্যই ক্ষতিকর হয়ে উঠছে। তাঁর ভাষায়, সমাজের একটি ক্ষুদ্র অংশের আচরণ ও ভাষা এমন পর্যায়ে পৌঁছেছে, যা সামগ্রিক সামাজিক পরিবেশকে কলুষিত করছে।

‘ব্যবহারে বংশের পরিচয়’—এই প্রবাদটি উল্লেখ করে তিনি বলেন, সংখ্যায় কম হলেও এই গোষ্ঠীর প্রভাব সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক বেশি। তাদের নেতিবাচক আচরণ দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। ফলে বিদেশে দেশের একটি অসহিষ্ণু ও অস্থির চিত্র উপস্থাপিত হচ্ছে।

মুশফিকুল ফজল আনসারী আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী অপপ্রচার, গুজব ছড়ানো এবং আপত্তিকর কনটেন্ট তৈরিতে জড়িয়ে পড়ছে। সামান্য স্বার্থে বাধা পেলেই তারা মিথ্যা গল্প সাজিয়ে বিভ্রান্তি তৈরি করছে, যা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে।

সমাজের বর্তমান আচরণগত প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, ঝগড়া যেন এখন বিনোদনের অংশ হয়ে দাঁড়িয়েছে, রগচটা আচরণকে ব্যক্তিত্ব হিসেবে দেখা হচ্ছে এবং বিশৃঙ্খলাকে সাহসের প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে—যা অত্যন্ত উদ্বেগজনক।

নারীর মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন, সমাজে নারীরা যেমন অসম্মানের শিকার হচ্ছেন, তেমনি কিছু পুরুষ শালীনতার কথা বললেও নিজেদের ভাষা ও আচরণে অশালীনতা প্রকাশ করছেন। আবার কিছু ক্ষেত্রে নারীরাও সংঘাতে জড়িয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছেন।

তিনি প্রশ্ন তোলেন, ‘ইজ্জত-আব্রু কি কেবল নারীর জন্য?’ তাঁর মতে, এটি নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত।

সবশেষে তিনি জোর দিয়ে বলেন, কেবল আইনি সংস্কার নয়—সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে সবার মানসিকতার পরিবর্তন জরুরি। অসভ্যতা, উগ্রতা ও অশ্রদ্ধার বিরুদ্ধে এখনই সম্মিলিতভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *