প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বহুজাতিক জ্বালানি কোম্পানি শেভরন কর্পোরেশন (Chevron Corporation)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই সাক্ষাৎ ছিল সৌজন্যমূলক হলেও এর মধ্যে জ্বালানি খাতে সম্ভাব্য সহযোগিতা ও ভবিষ্যৎ বিনিয়োগ নিয়ে পারস্পরিক আগ্রহের প্রতিফলন ছিল।
সাক্ষাৎকালে শেভরন প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন কোম্পানিটির ‘বেস অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ’ (বিএইসি) বিভাগের প্রেসিডেন্ট জেভিয়ার লা রোজা (Javier La Rosa)। তার সঙ্গে উপস্থিত ছিলেন শেভরন বাংলাদেশ-এর প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার (Eric M Walker)। তাদের উপস্থিতি বৈঠকটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে, বিশেষ করে দেশের জ্বালানি খাতে আন্তর্জাতিক অংশীদারিত্বের প্রেক্ষাপটে।
এ সময় সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের বৈঠক ভবিষ্যতে দেশের জ্বালানি খাতে নতুন বিনিয়োগ, প্রযুক্তিগত সহায়তা এবং কৌশলগত সহযোগিতার পথ আরও সুগম করতে পারে।


