জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami)-এর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে দাবি করার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি করেন।
তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP)-এর সাবেক নেত্রী নীলা ইস্রাফিল। শুক্রবার (১ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি তীব্র কটাক্ষ করেন। তার পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো—
‘বাহ আমরা একটা শিশু মুক্তিযোদ্ধা পেলুম…
বাংলাদেশে নতুন নতুন মুক্তিযোদ্ধা আবিষ্কার হচ্ছে। জামায়াতের আমির যদি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয় তাহলে পাক বাহিনী সবাই মুক্তিযোদ্ধা, তারাও তো মুক্তিযুদ্ধ করছে, তাই নয় কি?
ওহ, একদম ঠিক ধরেছেন!
তাহলে তো হিসাবটা একেবারে পরিষ্কার যে-ই যুদ্ধ করেছে, সে-ই মুক্তিযোদ্ধা! স্বাধীনতার পক্ষে ছিল কি বিপক্ষে ছিল, সেটা তো একেবারেই গৌণ ব্যাপার। যারা দেশ স্বাধীন করতে লড়েছে আর যারা সেই স্বাধীনতা ঠেকাতে প্রাণপণ চেষ্টা করেছে দুপক্ষই তো সমান ‘কর্মঠ’!
এই হিসেবে তো ইতিহাস বইয়ে আলাদা করে নায়ক-খলনায়ক রাখার কোনো দরকারই নেই। সবাইকে এক কাতারে বসিয়ে দিলেই হয় কারণ যুদ্ধ মানেই অবদান, দিকটা কোন দিকে ছিল সেটা নিয়ে মাথা ঘামানোর কী আছে, তাই না?
সত্যি, এমন যুক্তি সামনে এলে ইতিহাস নিজেই হয়তো নতুন করে চিন্তা করতে বসবে!
তাই সব চিন্তা বাদ দিয়ে আজ আমি ঘোষণা করতেছি আমিও মুক্তিযোদ্ধা…
আফানাদের মধ্যে আমার মতো আর কেডায় কেডায় মুক্তিযুদ্ধ করছেন জানান…’
এই পোস্টটি দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে আলোচনার জন্ম দেয়। বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনেও মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে, যেখানে ইতিহাস ও মুক্তিযুদ্ধের সংজ্ঞা নিয়েই নতুন করে বিতর্ক তৈরি করা হয়নি সেই সাথে তাহেরের এমন বক্তব্য হাস্যরসের সৃষ্টি করেছে।


