তথ্যে ও মতপ্রকাশের স্বাধীনতাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূলভিত্তি—এমন অবস্থান পুনর্ব্যক্ত করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জবাবদিহিতা নিশ্চিত করার সবচেয়ে কার্যকর হাতিয়ার হচ্ছে একটি স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম। তিনি মনে করেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো জনগণের কাছে দায়বদ্ধ থাকা, আর সেই দায়বদ্ধতা প্রতিষ্ঠার পথে গণমাধ্যম গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করে।
সোমবার (৪ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন। বক্তব্যে তিনি বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ ও জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করার প্রচেষ্টার বিষয়টিও তুলে ধরেন।
মন্ত্রী আরও বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়; এটি দেশপ্রেম, মানবতা এবং সামাজিক দায়বদ্ধতার সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। অনেকেই এই পেশায় আসেন ব্যক্তিগত লাভের চিন্তা থেকে নয়, বরং সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই। তিনি তরুণ সাংবাদিকদের এই চ্যালেঞ্জিং কিন্তু সম্মানজনক পেশা বেছে নেওয়ার জন্য অভিনন্দন জানান।
গণমাধ্যমের ভূমিকা নিয়ে সতর্ক করে দিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই গণমাধ্যমকে শিল্পগোষ্ঠী বা স্বার্থান্বেষী মহলের প্রোপাগান্ডার যন্ত্রে পরিণত করা উচিত নয়। একজন প্রকৃত সাংবাদিকের কাজ হলো জনগণের পক্ষে কথা বলা—কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে ‘পিআরও’ হিসেবে কাজ করা নয়। তার ভাষায়, “সাংবাদিকতা একটি মহান পেশা, যার প্রকৃত উপকারভোগী হওয়া উচিত জনগণ।”
দেশে কখনো কখনো গণমাধ্যমের অপব্যবহার এবং সাংবাদিকতার মান ক্ষুণ্ন হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে গভীর গবেষণার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের নিজেদের ভূমিকাও আত্মসমালোচনার মাধ্যমে মূল্যায়ন করা উচিত বলে তিনি মত দেন।
আইনের শাসনের প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, কোনো পেশাগত পরিচয়ই কাউকে আইনের ঊর্ধ্বে স্থান দিতে পারে না। একজন সাংবাদিক যেমন অন্যায়ের শিকার হবেন না, তেমনি সাংবাদিকতার পরিচয়ে কেউ অপরাধ করলে তাকেও আইনের আওতায় আসতে হবে।
শেষে তিনি আশা প্রকাশ করেন, তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি ভবিষ্যতে দেশের গণমাধ্যমকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল করে তুলবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বিদায়ী ও নবনির্বাচিত কমিটির সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


