ঈদুল আজহা উপলক্ষে ১৩ মে থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে (Bangladesh Railway)। ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে আগামী ১৩ মে থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।

নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে’র টিকিট। ১৪ মে পাওয়া যাবে ২৪ মে’র টিকিট এবং ১৫ মে বিক্রি হবে ২৫ মে’র টিকিট। ১৬ মে মিলবে ২৬ মে’র টিকিট। একইভাবে ১৭ মে বিক্রি করা হবে ২৭ মে’র টিকিট।

অন্যদিকে ফিরতি যাত্রার জন্য ২১ মে বিক্রি হবে ৩১ মে’র টিকিট। ২২ মে পাওয়া যাবে ১ জুনের টিকিট, ২৩ মে বিক্রি হবে ২ জুনের টিকিট। ২৪ মে পাওয়া যাবে ৩ জুনের টিকিট এবং ২৫ মে বিক্রি করা হবে ৪ জুনের টিকিট।

রেলওয়ের নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার জন্য সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট ক্রয়ের সুযোগ থাকবে।

এছাড়া জানানো হয়েছে, ঈদের আগাম ও ফিরতি যাত্রার টিকিট কোনো অবস্থাতেই ফেরত দেওয়া যাবে না। তবে যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

ফিরতি যাত্রার টিকিট নির্ধারিত তারিখ অনুযায়ী প্রতিদিন সকাল ৮টা থেকে ইস্যু করা হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *