ভিন্নমত, ভিন্নচিন্তা কিংবা ভিন্ন পোশাকের একজন নারীকে নিয়ে নোংরা মন্তব্য করা, গালাগালি করা বা অপমান করা কোনোভাবেই ইসলামের শিক্ষা হতে পারে না—এমন মন্তব্য করেছেন ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি ও ডা. মাহমুদা আলম মিতু (Dr. Mahamuda Alam Mitu)।
বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক (Facebook)-এ দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
পোস্টে তিনি বলেন, ইসলাম মানুষকে সম্মান, শালীনতা ও উত্তম আচরণের শিক্ষা দেয়। মতের অমিল বা সমালোচনা থাকতেই পারে, কিন্তু কাউকে হেয় করা, অপমান করা বা অশ্রাব্য ভাষা ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সামাজিক মাধ্যমে বাড়তে থাকা ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষমূলক মন্তব্যের প্রসঙ্গ টেনে এমপি মিতু প্রশ্ন তোলেন, “একজনকে মন চাইলো আর নোংরা কথা বলে দিলাম—বিষয়টাকে আমরা এত সহজ করে ফেললাম কীভাবে?”
তিনি ইঙ্গিত করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মতপার্থক্যের নামে ব্যক্তিগত আক্রমণ এবং বিশেষ করে নারীদের পোশাক নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য এখন উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। তার বক্তব্যে সম্মানজনক সামাজিক পরিবেশ এবং শালীন ভাষা ব্যবহারের প্রয়োজনীয়তার বিষয়টিও উঠে আসে।


