সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)। বৈঠকে সংরক্ষিত নারী আসনের এমপিদের কাজের পরিধি, এলাকা বণ্টন, সংসদে ভূমিকা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বেলা ৩টায় শুরু হওয়া বৈঠকটি শেষ হয় বিকেল ৫টার দিকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নিজ নিজ সংসদীয় এলাকায় বিএনপির নির্বাচিত এমপিদের সঙ্গে সমন্বয় করে উন্নয়নমূলক কাজ করার নির্দেশনা দেন। একই সঙ্গে সংসদে কার্যকর রোল প্লে, তথ্যভিত্তিক বক্তব্য এবং সরকারের কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা রাখার পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রী নারী এমপিদের নিয়মিত পড়াশোনা, সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ এবং রাষ্ট্র কী কী করছে সে বিষয়ে অবহিত থাকার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, সংসদে দায়িত্বশীল ভূমিকা রাখতে হলে প্রস্তুতি, তথ্যজ্ঞান এবং রাজনৈতিক অবস্থান—সবকিছুতেই পরিপক্বতা দরকার।
বৈঠকে সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের এমপিরা সংসদীয় বিভিন্ন কমিটিতে তাদের অন্তর্ভুক্ত করার দাবি জানান। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যদের সঙ্গে সমন্বয় রেখে যাতে তারা মাঠপর্যায়ে কাজ করতে পারেন, সে বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সূত্র জানায়, প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন।
এলাকা বণ্টনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আনুষ্ঠানিকভাবে দলের নারী এমপিদের এলাকা বণ্টন করা হবে বলে জানা গেছে। এছাড়া যেসব আসনে জামায়াতের সংসদ সদস্য রয়েছেন, সেসব এলাকায় সংশ্লিষ্ট নারী এমপিদের উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার বিষয়েও আলোচনা হয়।
নিজ নিজ এলাকার মানুষ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কাছে বিভিন্ন দাবি ও কাজ নিয়ে আসছেন—এসব বিষয় কীভাবে সমাধান করা হবে, তা নিয়েও বৈঠকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন নারী এমপিরা। তারা সংসদে নিজেদের ভূমিকা কী হবে, সে বিষয়েও স্পষ্ট দিকনির্দেশনা চান।
সূত্র জানায়, দ্বিতীয় সংসদ অধিবেশন শুরুর আগেই সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের এমপিদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir), প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী (Ruhul Kabir Rizvi) এবং সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের ৩৬ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।


